সাত বছর পর ইংল্যান্ড যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৭

সাত বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বশেষ ২০১২ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশের যুবারা। এবার ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভারত ও স্বাগতিকদের বিরুদ্ধে লড়বে টাইগার জুনিয়ররা। এজন্য আগামী ১৫ জুলাই দেশ ছাড়বে যুবদল। ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে চারটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল ১১ আগস্ট ফাইনালে লড়বে।

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে গতকাল জানা গেছে, মূল সিরিজ শুরুর আগে ১৮ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। ২২ জুলাই মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে চারটি করে আটটি ম্যাচ খেলবে বাংলাদেশ যুবদল। উদ্বোধনী ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে হেড কোচ নাভিদ নেওয়াজের তত্ত্বাবধানে ঈদের পর খুলনায় লম্বা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ড যাওয়ার আগে মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন করবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।-স্পোর্টস রিপোর্টার