ইনডোর এশিয়া কাপ হকি
স্পোর্টস রিপোর্টার
প্রথম বারের মতো ইনডোর হকিতে খেলতে যাওয়া বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার পাশাপাশি নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বিমানবাহিনীর প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে নতুন জার্সি গ্রহণ করেন অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল।
বাংলাদেশ দল অনুশীলন শেষে এখন থাইল্যান্ডে উড়াল দেওয়ার অপেক্ষায়। আগামী ১৫-২১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এ জন্য খেলোয়াড়রা একমাস বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েছে। দেশে ইনডোর হকির প্রচলন নেই বলে খেলোয়াড়রাও কখনো এটি খেলেননি। অবশ্য ডিফেন্ডার ইমরান হাসান পিন্টু ২০১৫ সালে জার্মানিতে হকি লিগ খেলতে গিয়ে ইনডোর হকিতে খেলে অভিজ্ঞতা নেন। রাসেল মাহমুদ জিমিও ইনডোর হকির অনুশীলন করেছিলেন তখন। ইনডোর হকির নিয়মকানুন একটু ভিন্ন। ফিল্ড হকির সঙ্গে ইনডোর হকির পার্থক্য রয়েছে। তাই সেটা কীভাবে খেলতে হবে, বাংলাদেশের ইরানী কোচ হামিদ রেজা বোখারাই বিকেএসপিতে ভিডিওর মাধ্যমে খেলোয়াড়দের দেখিয়েছেন। তা দেখে জিমি, আশরাফুল, কৌশিক, মিলন, রুম্মন, শিতুলরা অনেক কিছুই রপ্ত করেছেন। আত্মবিশ্বাস পাচ্ছেন। সিনথেটিক টার্ফে খেলা হবে। ৬ জন করে খেলোয়াড়। ২০ মিনিট করে ৪০ মিনিট খেলা। ৫ মিনিট বিরতি।
কোচ বোখারাই ইরানকে সাতবার ইনডোর হকির ট্রফি এনে দিয়েছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ সংবাদ মাধ্যমকে এই কোচ ইরানকে ইনডোর বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ এনে দিয়েছেন। সঙ্গতকারণে স্বপ্ন নিয়েই এগুতে চায় বাংলাদেশের ইনডোর হকি। তিনি জানান, ইনডোর হকি বাংলাদেশে আরো গুরুত্ব পাবে। মোমিনুল হক সাইদ বলেন, ‘ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে এই কার্যক্রম চালিয়ে যাব।’
ইনডোর হকিতে উন্নত দেশগুলোর এ জন্য পৃথক দল থাকে। কিন্তু বাংলাদেশ মাত্রই শুরু করছে বলে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করল। তারকা খেলোয়াড় জিমি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন,‘অনেক নিয়ম-কানুন জানতাম না, এখানে শিখেছি। টেকনিক্যাল অনেক কিছু জানার আছে।’ ইনডোর হকিতে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপে ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন কঠিন প্রতিপক্ষ। অধিনায়ক শিতুল বললেন,‘আমরা স্মরণীয় খেলা খেলতে চাই। পারফরম্যান্সকে প্রাধান্য দিচ্ছি আমরা।’
অধিনায়ক ফরহাদের দলটির আজই থাইল্যান্ড যাওয়ার কথা। দুর্ভাবনা হচ্ছে গতকাল পর্যন্ত সেখানকার ভিসা হয়নি। হকি ফেডারেশনের সহ সভাপতি আব্দুর রশিদ সিকদার ভিসা প্রসঙ্গে বলেন, ‘খেলোয়াড়দের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট চায়। সবার কি ব্যাংক একাউন্ট আছে নাকি।’
