প্রায় দেড় কোটি টিকিটের আবেদন!

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৮

ইউরো ২০২০

স্পোর্টস ডেস্ক

ইউরো ২০২০ এর জন্য টিকিটের জন্য এক কোটি চল্লিশ লাখেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে ইতোমধ্যে টিকিটের জন্য নিবন্ধনের রেকর্ড ছাড়িয়ে গেছে এবার। এক মাসব্যাপী প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয় গত ১২ জুন। উয়েফার ‘ফ্যান ফার্স্ট’ পলিসির অংশ হিসেবে ১.৫ কোটি টিকিট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় উয়েফা। আগামী বছরের ১২ জুন থেকে শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। এবারের আসরের বিশেষত্ব হলো, ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউরোপের ১২টি শহরজুড়ে অনুষ্ঠিত হবে এটি।

ইউরোপীয় ফুটবলের পরিচালনা পরিষদটি জানিয়েছে যে সেইন্ট পিটার্সবুর্গ, লন্ডন ও বুদাপেস্টের স্থানীয় লোকজন থেকে সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে। ৫০ শতাংশ আবেদন করেছেন স্বাগতিক দেশগুলোর সমর্থকরা। ওয়েম্বলির ফাইনালটি দেখতে ১৩ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। একই ভেন্যুতে দুই সেমিফাইনালের জন্য জমা পড়েছে ১৫ লাখ আবেদন।

নভেম্বরের শেষে ফাইনাল ড্র অনুষ্ঠিত হবার পরই পরের দফায় টিকিট বিক্রি শুরু হবে।