ইত্তেফাক রিপোর্ট
চাকরি সংক্রান্ত ছয় দফা দাবিতে আমরণ অনশন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর একাংশ অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। গতকাল বুধবার সকাল থেকে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ছয় দফা দাবির মধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থায় দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া অন্যতম। এছাড়া পিএসসির রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ঐ পদে উপযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতি লেখক নীতিমালা চাকরি পরীক্ষায় মেনে চলার নিশ্চয়তা, স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে যোগদানের আগ পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীরা এই কর্মসূচি পালন করেন। এর আগে একই দাবিতে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেন তারা। প্রসঙ্গত দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ৭ শতাংশেরও অধিক প্রতিবন্ধী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচির আওতায় পরিচালিত জরিপ অনুযায়ী প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে ১৬ লাখ ৬৫ হাজার ৭০৮ জন। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
