ইত্তেফাক রিপোর্ট
গান-নাচ-কবিতা আর শংসা বচনের মাধ্যমে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত গুণিজনদের সম্মাননা জানালো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বুধবার সন্ধ্যায় কবি সুফিয়া কামাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত হয় এ সম্মাননা অনুষ্ঠান। “গুণিজন সম্মাননা, আনন্দ আয়োজন” শিরোনামের এ আয়োজনের শুরুতেই জাতীয় সংগীত ও উদীচী’র সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচী সংগীত বিভাগের শিল্পীরা। এরপর “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর” গানটির সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত গুণিজনদের মঞ্চে আহ্বান করেন উদীচী’র নৃত্য শিল্পীরা। এরপর শুরু হয় সম্মাননা জ্ঞাপন পর্ব।
অনুষ্ঠানে প্রথমে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য বুদ্ধিজীবী রণেশ মৈত্র, প্রয়াত নাট্যকার নিখিল সেন, গীতিকার সুরকার সুজেয় শ্যাম, রবিউল হোসেনকে সম্মাননা জানানো হয়। এরপর একে একে সম্মাননা জানানো হয় ২০১৮ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ২০১৯ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিত্সক ডা. কাজী মিসবাহুন নাহার (ডা. কাজী তামান্না) এবং কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে। পরে ২০১৯ সালে একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম ও বিশ্বজিত্ ঘোষকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে গান গেয়ে শোনান শিল্পী ইকবাল খোরশেদ, মাসুম আজিজুল বাশার, মোস্তাফিজুর রহমান তুর্য, ফাহিম হোসেন চৌধুরী, এ টি এম জাহাঙ্গীর, সুরাইয়া পারভীন। এছাড়া, আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, পুষ্পিতা রায়, মিজানুর রহমান সুমন, মির্জা আতিকুজ্জামান, শিখা সেনগুপ্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিত রঞ্জন দে।
