বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাংবাদিকতা বিভাগের পর এবার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে শিক্ষক হিসেবে মো. ইউসুফকে ৩০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত মঙ্গলবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
বাছাই বোর্ডের সুপারিশপত্রে মেধাক্রমে প্রথম স্থান অধিকারকারী মো. ইউসুফকে নিয়োগ না দিয়ে মেধাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে নিয়োগ দেওয়ায় এ রায় দেওয়া হয়। মামলার কাগজপত্র থেকে জানা যায়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিভাগের পাশাপাশি ইতিহাস বিভাগে তিনজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সাক্ষাত্কারের জন্য সাতজন আবেদনকারী বাছাই বোর্ডের সম্মুখীন হন। তাদের মধ্য থেকে তিনজনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করে বাছাই বোর্ড। কিন্তু প্রথমজনকে বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় জনকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, যা বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন। ইউসুফের আইনজীবী আব্দুর রহমান জানান, বাছাই বোর্ডের সুপারিশপত্রে যে ধরনের স্বেচ্ছাচারিতামূলক আচরণ করা হয়েছে তা দেখে আদালত ক্ষুব্ধ হয়েছে।
এর আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে ৭ বছর পর ওই বিভাগে যোগদান করেন নিয়োগ বঞ্চিত মাহামুদুল হক। যদিও আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
