গফরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ৭টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় শিক্ষক আরেফিন আলী ও সাবেক ইউপি মেম্বার ইসলাম উদ্দিন দুই শিশুর মৃত্যুর নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশু দুটি চাচাতো ভাই-বোন। তাদের মধ্যে একজনের নাম উমর (৩)। সে খুরশিদ মহল ভাটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে। অপর শিশুর নাম সিনহা (২)। সে একই গ্রামের আমিরুলের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টায় দিকে শিশু উমর ও সিনহা একসঙ্গে খেলছিল। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে একজনের লাশ ভেসে উঠে। পরে খোঁজাখুঁজি করে অপর শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বাড়ির দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

ইত্তেফাক/এসজেড