আগের দিন বৃষ্টির বাগড়ায় জমে উঠতে পারল না ব্যাট-বলের লড়াই। খেলা গড়াল রিজার্ভ ডেতে। গতকাল দ্বিতীয় দিনে এসে তুমুল এক লড়াই দেখল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড মাঠ। রান-বলের দারুণ সমীকরণ জমে উঠল। সেই সমীকরণে শেষ হাসিটা হাসল নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল খেলবে তারা; প্রতিপক্ষ হবে আজকের সেমিফাইনালে বিজয়ী দল।
আগের দিন ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলেছিল নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে নির্ধারিত প্রথম দিনে আর খেলা হতে পারেনি। গতকাল দ্বিতীয় দিনে এসে বাকি ২৩ বল খেলে নিউজিল্যান্ড। সবমিলিয়ে ৮ উইকেটে ২৩৯ রান করে তারা। জবাবে ৫ রানে ৩ উইকেট হারানো ভারত ৪৯.৩ ওভারে অলআউট হয় ২২১ রানে।
উইকেট শুরু থেকেই ব্যাটসম্যানদের প্রতিকূলে ছিল। নিউজিল্যান্ড আগে ব্যাট করতে গিয়ে ১ রানে ১ উইকেট হারিয়েছিল। মার্টিন গাপটিল ১ রান করে ফেরার পর ২৮ রান করে ফেরেন হেনরি নিকোলস। এরপর দলকে ভালো একটা জুটি এনে দেন কেন উইলিয়ামসন ও রস টেলর। উইলিয়ামসন ৬৭ রান করে ফেরেন। আর আগের দিনই ৬৭ রান করে অপরাজিত ছিলেন টেলর।
নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে একা লড়াই চালিয়েছেন টেলর। শেষ পর্যন্ত ৪৮তম ওভারে আউট হয়েছেন ৭৪ রান করে। ভারতের হয়ে ৪৩ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
২৪০ রান খুব বড়ো লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপর্যয়ে পড়ে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল ১টি করে রান করে আউট হয়ে যান। ভারত ৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর প্রমোশন পাওয়া দিনেশ কার্তিকও ৬ রান করে ফিরে আসেন।
ভারতকে প্রথম প্রতিরোধ গড়ার সুযোগ করে দেন রিশভ পান্ট ও হার্দিক পান্ডিয়া। দুইজনই ৩২ করে রান করেন। এই দুইজনকে ফেরান মিশেল স্যান্টনার। আর এরপর মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মূলত ম্যাচটা জমজমাট করে তোলেন।
জাদেজা ৮ নম্বরে নেমে ৫৯ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন। জাদেজা আউট হয়ে যাওয়ার পরও লড়াই জারি রেখেছিলেন ধোনি। কিন্তু সাবেক অধিনায়ক ধোনি ৫০ রানে রান আউট হয়ে গেলে শেষ হয়ে যায় ভারতের সম্ভাবনা।
