স্কুলে অভিযোগ বাক্স স্থাপনের বিষয়টি বুলিং নীতিমালায় রাখতে হবে

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৩৭

 ‘বুলিংয়ের’ শিকার শিক্ষার্থীরা নির্ভয়ে যাতে যে কোনো অভিযোগ জানাতে পারে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিযোগ বাক্স স্থাপনের ওপর জোড় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর যে কোনো ধরনের নির্যাতনের অভিযোগ জানতে একটি অভিযোগ বাক্স স্থাপন করা দরকার। এই বাক্স স্থাপনের বিষয়টি স্কুল বুলিং নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় করা মামলার শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও    বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এমন নির্দেশনা দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশারের উদ্দেশ্যে আদালত বলেন, বুলিংসহ যে কোনো হয়রানির অভিযোগগুলো শিক্ষার্থীরা মা-বাবা, শিক্ষক বা নিকট আত্মীয়স্বজনের কাছে বলতে সংকোচবোধ করে। সে ক্ষেত্রে এ ধরনের বাক্স থাকলে তাদের জন্য অভিযোগ পেশ করতে সুবিধা হয়। আর ঐ অভিযোগ বাক্সগুলো স্কুলের কোনো শিক্ষক খুলতে পারবেন না। শিক্ষকদের বিরুদ্ধে এখন নানা অভিযোগ আসছে। সে ক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা ঐ বাক্স খুলবেন। আদালত বলেন, বুলিং প্রতিরোধে যে কমিটি গঠিত হবে সেই কমিটির প্রধান যদি শিক্ষক হন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তদন্ত কীভাবে হবে? সে জন্য স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় কি না বা এ ধরনের কোনো কমিটি রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি স্কুল বুলিং সংক্রান্ত নীতিমালাটিকে কীভাবে পূর্ণাঙ্গ নীতিমালা হিসেবে প্রণয়ন করা যায় সেই বিষয়ে অভিমত দেয় আদালত।

দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন : অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ভিকারুননিসা নূন স্কুলের দুই শিক্ষক নাজনীন আক্তার ও জিনাত আরার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষকদের আবেদন নাকচ করে এই আদেশ দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম। আগামী ২৭ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।  দুই শিক্ষক বর্তমানে জামিনে রয়েছেন। অভিযোগ গঠনের পূর্বে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান বিচারক। এরপর নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানান তারা। বিচারক ঐ আবেদন নাকচ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।