অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে হত্যার হুমকি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৯

প্রাণনাশের হুমকির দেয়া হয়েছে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েককে। সম্প্রতি সাইবার জালিয়াতির শিকারও হয়েছেন এ কণ্ঠশিল্পী। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী ভারতীয় শিল্পী সুনিধি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্বৃত্তরা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 

জানা যায়, সুনিধিকে ভয় দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ঘটনা প্রসঙ্গে সুনিধি সংবাদমাধ্যমে জানান, কর্মক্ষেত্রের কারণে ভারতের পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি।
 
বুধবার (১১ সেপ্টেম্বর) একাই বাড়িতে ছিলেন। আর তখনই তার চোখে পড়ে বাইরে কিছু অপরিচিত মানুষ বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে।

সুনিধির কাছ থেকে আরও জানা যায়, এরপরই তার কাছে একটি ভিডিও কল আসে। আর তখনই তাকে দেয়া হয় হত্যার হুমকি। গায়িকার বেশকিছু ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেয়ারও হুমকি দেন প্রতারকরা।

অর্ণব ও সুনিধি। ছবি: সংগৃহীত
 
ভিডিও কলে সুনিধিকে বলা হয়, তিনি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে বিশাল অংকের আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। তাই তাকে গ্রেফতার করবে সিবিআই পুলিশ। এরপরই প্রতারকরা আলাপের এক পর্যায় সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন।
 
খুনের হুমকি পাওয়ার পাশাপাশি গায়িকার ফোন হ্যাক হয়েছে বলে দাবি সুনিধির। আর তাই ফোনের গ্যালারি থেকে ছবি হ্যাক করে তা ডার্ক ওয়েবে ছড়িয়ে দেয়ার কথা বললে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
 
এরপর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাধ্য হয়ে দুর্বৃত্তদের কাছে ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। টাকা পেয়েই দুষ্কৃতিরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারার সাথে সাথেই গভীর রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনিধি।
 
সুনিধির ভাষায়, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। পুলিশের দ্বারস্থ হলে সাইবার অপরাধ দমন শাখার প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’
 
রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত সুনিধি আরও বলেন, ‘আমি গত তিন দিন ধরে খুব ভয়ে আছি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি প্রতারকদের শাস্তি চাই। আমার টাকা ফেরত চাই। সেই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তাও চাই।’

ইত্তেফাক/এসএ