ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:১৫

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রুশেমা ইমাম ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুকে ব্যথার কারণে রাত ১০টার দিকে তাঁকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।

গতকাল বুধবার বিকেলে বাদ আসর জানাজা শেষে শহরের কমলাপুরের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসন।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেন। রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিল হাসি। গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার দুই ছেলে সাইফুল আহাদ ওরফে সেলিম, আসাদুল আহাদ ও এক মেয়ে ফারজানা আহমেদ উর্মি।