সাগর পথে ইতালি যাওয়ার চেষ্টা

তিউনিসিয়ার উপকূলে ৩৭ বাংলাদেশি উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:১৫

তিউনিসিয়ার উপকূলস্থ ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম ইদ্দিন জেবালি জানান, ৮০ জনের বেশি নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে রবিবার রওনা করেছিল। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। নৌকাটি ডুবে যাওয়ার সময় সোমবার রাতে ৭১ আরোহীকে তীরে ফিরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা। জেবেলি জানান, এর মধ্যে ৩৭ জন বাংলাদেশ, ৮ জন মরোক্কা, ৮ জন মিসর, ৭ জন আলজেরিয়া, চারজন সুদান, দুইজন শাদ নাগরিক এবং একজন তিউনিসয়ার নাগরিক। তারা সবাই নিরাপদ ও ভালো আছেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা রুট হিসেবে লিবিয়াকে ব্যবহার করে থাকেন। গত কয়েক সপ্তাহে তিউনিসিয়া উপকূল থেকে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। গত সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে ৮৬ জন অভিবাসন প্রত্যাশীসহ একটি নৌকা ডুবে যায়। তিউনিসিয়া কর্তৃপক্ষ অন্তত ১৬ জনের লাশ উদ্ধার করেছে। ঐ নৌকায় থাকা অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। অতি সম্প্রতি ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রায় ৪০ বাংলাদেশির মৃত্যু হয়।