আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ। পাশাপাশি ঐ একইদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। এ দুই উপলক্ষ্যে বিজেপি এমপিদের এক বিশেষ ‘পদযাত্রা’য় হাঁটার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দলের এমপিদের সঙ্গে এক বৈঠকে ঐ নির্দেশ দেন তিনি। খবর এনডিটিভির
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে আগামী ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর প্রতিদিন ১৫ কিলোমিটার করে বিজেপি এমপিরা পায়ে হেঁটে মিছিল করবেন। রাজ্যসভার এমপিদেরও ঐ পদযাত্রায় অংশ নেওয়ার কথা বলেন মোদি। পাশাপাশি যেসব এলাকায় বিজেপি তুলনামূলকভাবে দুর্বল সেখানে বিজেপি এমপিদের যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে, নির্বাচনের আগে আমাদের ইশতেহারে যেসব বিষয়ের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো মনে রেখেই পদক্ষেপ নিতে হবে, যাতে তাঁর প্রতিফলন ভবিষ্যতের দিনগুলোতে পাওয়া যায়। দৈনিক ১৫ কিলোমিটারের ওই পদযাত্রায় নিজের নির্বাচনী কেন্দ্রের প্রতিটি বুথ ছুঁয়ে যেতে হবে বিজেপি এমপিদের। পাশাপাশি ঐ পদযাত্রার মাধ্যমে বিজেপি এমপিরা মানুষের কাছে মহাত্মা গান্ধীর শিক্ষা ও মতাদর্শ প্রচারের সুযোগও পাবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি।
