কুমিল্লা ও ফেনী জেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার দুই জেলার কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন তিনি। চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূরীকরণে এ চারা বিতরণ পদক্ষেপ আসন্ন আমন মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।
পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ২০০ কৃষকের মাঝে ও পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে পরশুরাম উপজেলার ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত তখন আনসার বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে বীজতলা হতে চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত দুই জেলার কৃষকদের মাঝে চারা বিতরণ করে মোট ১০০ একর জমি আমন চাষের আওতায় নিয়ে আসে। তবে পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক কৃষকদের পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনাও বাহিনীর রয়েছে। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতে আনসার বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।
আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সকল গৃহহীনদের ঘর করে দেয়াসহ ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবে।
