আগারগাঁওয়ে শরীরে আগুন ধরিয়ে মাংস বিক্রেতার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:১৯

রাজধানীর আগারগাঁও এলাকায় জুয়েল রানা নামে এক মাংস বিক্রেতা আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকালে এ ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনরা বলছেন, শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক জানান, শরীরের ৭৮ ভাগ পুড়ে যাওয়ায় জুয়েলের অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জুয়েলের ভাই জুলহাস জানান, তালতলা এলাকায় তার ভাইয়ের মাংসের দোকান রয়েছে। তার পরিবার থাকে সাভারে। গতকাল বিকালে আগারগাঁঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার মাঠে তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। জুয়েলের স্ত্রীর নাম  সাবিনা। তাদের এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।