গোপালগঞ্জে হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলি দিদার। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় মারা যান তিনি। দিদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক বলে জানা গেছে।
দিদারের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। শোকবার্তায় বিসিবি জানায়, 'প্রথম শ্রেণীর আম্পায়ার দিদারের মৃত্যুতে শোক জানাচ্ছে বিসিবি। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'
এছাড়া এই আম্পায়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিসও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, 'প্রথম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।'
তিনি আরও লেখেন, '৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার দুই দশক ধরে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
