যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নূরুজ্জামান।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামি পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকল সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য নথিপত্র বিচার বিশ্লেষণ করেই ফাঁসির রায় দিয়েছে। ওই রায়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমি আশা করি, ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়টি সর্বোচ্চ আদালত বহাল রাখবে।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করেন। সাড়ে চার বছর পর গত জুন মাসে এই আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হলো।
