‘লাউয়াছড়ায় শতাধিক একর জমি বেদখল’ শিরোনামে গত রোববার (১৫ সেপ্টেম্বর) ইত্তেফাকে সংবাদ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সদলবলে পাঁচ একর জমি উদ্ধার করেছে। রোববার দুপুর থেকে প্রায় দেড় শতাধিক শ্রমিক নিয়ে উদ্যানের স্টুডেন্ট ডরমিটরী সংলগ্ন বনের টিলায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করে।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, সীমানা নির্ধারণের কোনো খুঁটি না থাকায় বনের ভূমি উদ্ধার কিছুটা কঠিন ছিল। তবে ব্যক্তি মালিকানাধীন ভূমির সঙ্গে বনবিভাগের কিছু জমিও বেদখল হয়েছিল। সাবেক কৃষিমন্ত্রীর ক্রয়কৃত জমির সঙ্গে ওই জমি সম্পৃক্ত ছিল। এসব জমির কিছু অংশে লেবু বাগান ও কিছু ফাঁকা টিলা পড়েছিল। ২০১৮ সাল থেকে কয়েক দফা উদ্যোগ নিলেও নানা কারনে জমি উদ্ধার সম্ভব হয়নি। বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভূমি উদ্ধার অভিযান চলে। বর্তমানে জমি উদ্ধার করা হলেও সাবেক ওই মন্ত্রীর পরিবার থেকে দাবি করা হচ্ছে মাপঝোঁক না দিয়ে কিভাবে জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির সঙ্গে তাদের জমি আছে কি না সে বিষয়টিও দেখতে।
বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে যে জায়গা উদ্ধার করা হয়েছে তাতে পাঁচ একরেরও একটু বেশি হতে পারে। সেখানে কিছু জায়গায় লেবু গাছ ছিল, আর কিছু জায়গা ফাঁকা ছিল। সেসব জায়গায় বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা রোপন করা হয়েছে এবং একজন পাহারাদারও রাখা হয়েছে।
