মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালে স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর পর ধোঁয়ায় পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন এবং তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ রোডের শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হলো—দশম শ্রেণির ছাত্রী আতিকা ও ফাইজা এবং সপ্তম শ্রেণির ছাত্রী আরিফা। অপর দুই শিক্ষার্থী সপ্তম শ্রেণির রূপসা আক্তার মাহিয়া ও সাবিকুন্নাহার ব্যাপারী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর বলেন, স্কুল চলাকালে মশার ওষুধ ছিটানোর বিষয়ে আগে থেকে তাদের কিছু জানানো হয়নি। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত অভিভাবকদের জানিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ বিন রাইয়ান বলেন, মশার ওষুধের ধোঁয়া থেকে ছাত্রীরা তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি আগে জানা ছিল না, এখন জানতে পেরেছেন। ভবিষ্যতে স্কুল ছুটির পরই যেন মশার ওষুধ স্প্রে করা হয়, তা নিশ্চিত করা হবে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

