রংপুর মেট্রোপলিটনের ৬ থানায় নতুন ওসি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২

সারাদেশের মতো রংপুর মেট্রোপলিটন পুলিশেও (আরপিএমপি) রদবদল শুরু হয়েছে। এরই ধারাবাহিতায় আরপিএমপির ৬ থানায় নতুন ছয় কর্মকর্তাকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী।

এর আগে মঙ্গলবার আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে নতুন ছয় জনকে ওসির দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে ওই ছয় থানার ওসির দায়িত্বে থাকা ছয় জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নতুন অফিসার ইনচার্জরা (ওসি) হলেন: রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আতাউর রহমান, হাজিরহাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় মো. শাহ আলম সরদার, পরশুরাম থানায় শাহজাহান আলী।

ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনেই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন।

গত ১৩ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।  তার স্থলে ৮ সেপ্টেম্বর আরপিএমপির নতুন কমিশনার হিসেবে যোগ দেন মো. মজিদ আলী।

ইত্তেফাক/এনএন