চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু পায় বাংলাদেশ। শুরুতেই টাইগার পেসার হাসান মাহমুদের তোপে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার। দলীয় ৩৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন হাসান। এরপর যশস্বী জয়সাওয়াল ও রিঝভ পন্থের ব্যাটে প্রতিরোধ গড়েছে ভারত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান।
এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান। আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার।
এরপর জয়সাওয়াল ও পন্থ মিলে প্রতিরোধ গড়েন। শেষ পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। জয়সাওয়াল ৬২ বলে ৩৭ ও পন্থ ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত আছেন।
