লা লিগার এবারের মৌসুমে শুরুতেই হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। তবে চিরচেনা ছন্দে ফিরছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার এস্পানিওলের বিপক্ষে বড় জয়ের দেখা পেয়েছে লস ব্লাঙ্কোরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোরা। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ৫৪ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ৫৮ মিনিটেই দানি কারভাহাল গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
এরপর ম্যাচের ৭৫ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। এর তিন মিনিট পর রিয়ালের ব্যবধান বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। আর ম্যাচের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্লাঙ্কোরা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, একটি ম্যাচ কম খেলেছে তারা।
