চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট শিকার করেন এই ভারতীয় অলরাউন্ডার। ম্যাচ শেষ তাই অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্বিনের অবদান প্রসঙ্গে রোহিত বলেন, ‘বছরের পর বছর অশ্বিন আমাদের জন্য অবদান রেখে যাচ্ছে। আমি ঠিক জানি না, এখানে যা বলব, তাতে দলে তার অবদানের পুরোটা প্রকাশ পাবে কি না।’
এছাড়া লাল মাটির এই পিচের চ্যালেঞ্জ নিয়ে রোহিত বলেন, ‘কন্ডিশন কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এরই মাঝে দলীয়ভাবে পারফর্ম করতে চেয়েছি। এজন্য কিছুটা ধৈর্য্যের প্রয়োজন ছিল। এমন পিচে আমাদের খেলোয়াড়রাও যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ব্যাট-বল উভয় দিক থেকেই ধৈর্য্য ধরে চাপ প্রয়োগ করে গেছে প্রতিপক্ষের ওপর।’
