সূর্যিমামা ঘুমোয়?

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:২৭

 

আজ উঠেছি বড্ড ভোরে পাখপাখালির ডাকে,
উঠলো দেখি সূর্যিমামাও, কে জাগালো তাকে?
কে এসে তার ঘুমটি ভাঙায়, এই সময়ে রোজই?
আজ সারাদিন করবো আমি রহস্যটার খোঁজই।

প্রশ্নে যেমন পড়লাম আমি, উত্তরও ঠিক আছে,
তাই প্রথমে প্রশ্ন নিয়ে যাই বড়দের কাছে।
কেউ বলেছে, ঠিক জানি না, কেউ বলেছে, জানি;
কেউ শোনালো এই আমাকে মিথ্যে কিছু বাণী—

সূর্য নাকি সাগর থেকে রোজ সকালে ওঠে,
সন্ধ্যা হলে ডুবতে নাকি ওই সাগরেই ছোটে!
ঘুমোয় তবে ওই সাগরেই? ক্যামনে তা হয়? হে হে,
এত্তোবড় সূর্য ঘুমোয় ছোট্ট সাগর-দেহে?

বুঝলাম আমি, কেউ জানে না—ক্যান যে তারা বড়ো!
ক্যান যে তারা আমায় বলে, মনটা দিয়ে পড়ো।
তাদের কিছু বলতে গেলেই, বলবে, গেছি পেকে—
কেউ বোঝে না—সূর্য বড় এই পৃথিবীর থেকে।

যেই পৃথিবী সূর্য থেকেও এত্ত ছোট, তবে
তার সাগরে সূর্য বলো কোন উপায়ে রবে?
সূর্য প্রায় স্থির—পৃথিবী চারপাশে তার ঘোরে,
এই কারণেই অমন লাগে সন্ধ্যা এবং ভোরে।