কসবায় শিশু ধর্ষণচেষ্টার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:৩৩

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কায়েমপুর ইউনিয়নের মইনপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে রফিক মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রফিক মিয়া মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক। সে গত রবিবার (৭ জুলাই) মাদ্রাসায় নতুন শিক্ষক হিসেবে যোগদান করে। 

রফিক মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে। সে ওই গ্রামের আবু মিয়ার ছেলে। 

জানা যায়, মাদ্রাসা শিক্ষক রফিক মিয়া মাদরাসায় যোগদানের পর থেকে প্রতিদিন সকালে মক্তবে শিশুদের পড়াতো। বৃহস্পতিবার সকালে শিশুটি প্রথমদিন ওই মক্তবে পড়তে যায়। পড়া শেষে অন্য শিশুদের ছুটি দিয়ে ওই শিশুটিসহ ৩/৪জনকে মাদরাসা পরিষ্কারের নামে তাদের আটকে রাখে। ওই শিশুটিকে তার কাছে রেখে বাকিদের মাদরাসার ময়লা পরিস্কারের কাজে লাগায় শিক্ষক। এই ফাঁকে তাকে পড়ানোর ছলে তার কোলে বসিয়ে ওই শিক্ষক শিশুর গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিতে চাইলে শিক্ষক তাকে ছেড়ে দেয়।

শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। তখন বাড়ির লোকজন গিয়ে ওই শিক্ষককে আটক করে। এই ঘটনায় ওইদিন সকালে গ্রামের লোকজন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে এক পর্যায়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। উপস্থিত লোকজন তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ; আপোসকারীদের দুইজন আটক

কসবা থানা ওসি (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, ‘আসামি রফিক মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় শিশুটির মামা মো. ফারুক মিয়া বাদী হয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু