দাকোপে অবৈধভাবে বালু উত্তোলন থামছে না 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

খুলনার দাকোপে স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিযোগিতা চলছে। স্থানীয় কতিপয় ব্যক্তি বিভিন্ন নদী ও খাল থেকে মাটি-বালি উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। পাশাপাশি চলছে কৃষিজমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসা। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এসব ব্যবসা চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই।  

ড্রেজার মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে। ছবিটি বজুয়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: ইত্তেফাক

সরেজমিনে ঘুরে জানা গেছে, এই উপজেলায় সরকারিভাবে কোন বালু মহল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালি উত্তোলন। স্থানীয় কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ভদ্রা, সুতারখালী, ঢাকী ও শিবসা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে নিজেদের ইচ্ছামত এ মাটি-বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ভিতরে বিভিন্ন খাল থেকে স্যালো মেশিন দিয়েও এ কাজ চালানো হচ্ছে। ফলে কৃষি জমির পরিমাণও দিনদিন কমে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ।

ছবি: ইত্তেফাক

স্থানীয় কয়েকজন নেতা বালি উত্তোলন করে রমরমা ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ উঠেছে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালি উত্তোলন করে প্রতি ফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই ব্যবসায়ীরা। কোথাও কোথাও আবার রাস্তার উপর ইট, বালি ও খোয়া দিয়ে পাইপ বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এমনকি পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছিদ্র করেও পাইপ বসিয়ে এ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। 


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটি ও জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, সুন্দরবনের কোল ঘেঁষা ছোট এই উপজেলা ৩টি দ্বীপ নিয়ে গঠিত এবং দ্বীপগুলো যেন বালির উপরেই ভেসে আছে। তারপর আবার প্রতিনিয়ত নদী ভাঙ্গনে বাড়িঘর, ফসলী জমিসহ বেড়িবাঁধ বিলীন হচ্ছে। এছাড়া গ্রামীণ কার্পেটিং রাস্তাসহ বিভিন্ন স্থাপনারও ক্ষতি হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্যও মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এভাবে যত্রতত্র বালি উত্তোলন করলে অচিরেই এই উপজেলায় চরম বিপর্যায় ঘটতে পারে। এমনকি মাটির নিচের স্তর ফাঁকা হয়ে সামান্য ভূমিকম্পেও বহু প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন বলেন, কোথায় কোথায় বালি উত্তোলন হচ্ছে এগুলো খোঁজ-খবর নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসএএস