মৃত্যু বসে আছে সারারাত

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:৩৬

 

মৃত্যু বসে আছে সারারাত তাই স্থবির হয়ে গেছে উজ্বল হরিণ দিন

পিঁপড়ার মতন না ঘুমিয়ে এগিয়ে এগিয়ে সময় নিয়ে হলো না সময়

তবু যতদূরে যাই দেখি অন্ধকারে কালো কালোর ছায়ায় আলোর দেখা

এ দেখা থেকে ভেবে নিই তাহলে হয়তো আরো কিছুদিন টিকে যেতে পারি

মৃত্যুর কাছাকাছি;

কোথায় গিয়েছে সেসব নির্জন, সাদা কালো আলোর রঙে

জ্যোত্স্নার সাথে উড়ে যাওয়া ঝাউবনে, সেসব পাখিরা?

যারা চলে গেছে আমাদের ছেড়ে, প্রিয় বইটির মতন নীরব হয়ে

তারাও এখন হয়তো না ঘুমিয়ে ঘুমিয়ে যেন বাতাসে উড়ছে।

ভাবতে হবে না, ভাবতে হবে না, কে যেন আমায় বলছে

আমি ক্লান্তি নিয়ে কাঁপতে কাঁপতে, রক্তে রক্তে এঁকেছি সবটা দুপুর রাত্রি

আমি এখন কোথায় যাবো কোন জলেতে স্নান করে শুদ্ধ হবো?

কোন আগুনে জ্বালিয়ে নেবো আমার পক্ষপাত, অন্ধকারের আড়াল হয়ে

মৃত্যু বসে আছে সারারাত।