সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে ৩ পর্যটককে গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়।
অপহরণের শিকার তিনজন হলেন- মো. মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদুজ্জামান (৩৮), কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮) ও হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (২৮)। তারা ফরিদপুর জেলার বাসিন্দা। খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা দেওয়া জন্য বলা হয়। অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের কাছ থেকে ভিকটিমের নম্বর নিয়ে ফোন দেন। এরপর দুষ্কৃতকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নম্বর থেকে কলটি এসেছে দেখতে পায় এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে তাদের ছেড়ে দেয়। এ সময় সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
খাগড়াছড়ি মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনার বিষয়ে তদন্ত এবং মামলার প্রস্তুতি চলছে।
