রামগঞ্জে জঙ্গি সন্দেহে গৃহবধূকে আটক

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:৫৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে জঙ্গি সন্দেহে এক গৃহবধূকে আটক করেছে র‌্যাব। ওই গৃহবধূর নাম আলেয়া বেগম স্বর্ণা (২৪)। সে উপজেলার মধ্য করপাড়া গ্রামের কন্ট্রাকটর বাড়ির প্রবাসী সালাউদ্দিন মিলনের স্ত্রী। বুধবার রাতে র‌্যাবের একটি দল তাকে আটক করে। এ সময় র‌্যাব সদস্যরা বসতঘরে তল্লাশী চালিয়ে ধর্মীয় বই, স্বর্ণা আক্তারের ব্যবহৃত মোবাইল ও মেমোরিকার্ড নিয়ে যায়। আটক আলেয়া বেগম স্বর্ণা এক সন্তানের জননী।

গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বলেন, ‘বুধবার রাতে র‌্যাবের ৪/৫ টি গাড়ি বাড়ির সামনে উপস্থিত হয়ে আমার সৌদী প্রবাসী পুত্র সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে জঙ্গি সন্দেহে বসতঘর থেকে আটক করে নিয়ে যায়। তারা র‌্যাব কত তা আমার জানা নাই। তাদের কয়েকজন সদস্য আমার পূত্রবধূকে কিছু মোবাইল নম্বরের ব্যপারে প্রশ্ন করে। পরে আর আমাদের সামনে কোন কথা না বলে তাকে নিয়ে যায়।’

তিনি আরও জানান, পুত্রবধূ স্বর্ণা বসতঘরের বাইরে তেমন একটা যেতো না। তার জঙ্গি বা অন্য কোন সমাজ কিংবা দেশদ্রোহী কাজে জড়িত থাকার সম্ভাবনা কম।

আরও পড়ুন: টানা বর্ষণে বেড়েছে দুর্ভোগ, রোহিঙ্গা শিবিরে পানিবাহিত রোগের আশংকা

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এস আই মোঃ এমদাদুল হক বলেন, ‘এ ব্যপারে আমার কাছে কোন তথ্য নেই। তবে যতটুকু শুনেছি চট্টগ্রামে এক নারীকে গ্রেফতারের পর তার ফেইসবুকে আলেয়া বেগম স্বর্ণার কানেকশন থাকায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।’

ইত্তেফাক/নূহু