টেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
আবহাওয়া পূর্বাভাস বলছে, কানপুর টেস্টের প্রথম দুদিন বজ্রপাতসহ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ, শনিবার টেস্টের দ্বিতীয় দিনে সেই সম্ভাবনা ৮০ শতাংশ।
বৃষ্টির কারণে খেলা পণ্ড হবে তা অনেকটাই নিশ্চিত। আর সেইসঙ্গে বদল হতে পারে পিচের আচরণ। টাইগার ব্যাটারদের জন্য যা বেশ বড় এক দুশ্চিন্তা।
এদিকে বৃষ্টি হলেও খেলা মাঠে গড়ানো নিয়ে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। তিনি বলেন, ‘হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। নিষ্কাশনব্যবস্থাও এখানে ভালো। আশা করছি, পুরো খেলা হবে।’
