গাছগাছালি তালের পাখা
বৃষ্টি নামে আঁকাবাঁকা।
বৃষ্টি তো নয় বজ্র নামে,
মৃত্যুভীতি গ্রামে-গ্রামে।
মেঘ ডাকলে আঁতকে ওঠে,
কার ভাগ্যে মরণ জোটে—
কেউ জানে না, বাইরে গেলে
ফিরবে কি না ঘরের ছেলে?
আকাশ ছোঁয়া গাছেরা নেই,
তাল তমালের উচ্চতাতেই—
ফুটত মেঘের আতশবাজি,
এখন উজাড় বৃক্ষরাজি।
কোথায় যাবে বিদ্যুত্ তাই—
পড়ছে সোজা ঘরের মাথায়।
আষাঢ় শ্রাবণ অগ্নিক্ষরা,
মেঘ-বিদ্যুত্ পরম্পরা।
