কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় তানজিম (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা রুবিনা আক্তার (৩২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা সাদেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু তানজিম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার গ্রামের শাহীনের ছেলে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামুর কাইম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারী মা ও সন্তানের উপর গিয়ে পড়ে। এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। পরে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছে বলে জেনেছি।
জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে চলে আসায় দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ও আহত মায়ের সার্বিক সহায়তাসহ প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
