টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে গফরগাঁও উলামা সমিতি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলার সকল তাবলীগ সাথী, মুসল্লি ও উলামা সমিতির নেতাকর্মীদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সহ-সভাপতি মুফতি আবদুল করিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান সালমানী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদী, সহ-সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাদী হাছান প্রমুখ।
কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন
কুষ্টিয়া প্রতিনিধি জানান, টঙ্গির বিশ্ব ইজতেমা মাঠে আলেম-ওলামাসহ তাবলিগী সাথীদের উপর প্রতিপক্ষ গ্রুপ সাদপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও হতাহতের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহত্তর কুষ্টিয়ার ওলামা পরিষদ ও তাবলিগী সাথীদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাওলানা মুফতি আব্দুল হামিদ।
