বৃহস্পতিবার দুপুরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট ম্যাচের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে বিশেষ এক ঘোষণা দিয়েছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বিদায় নেওয়ার পাশাপাশি টেস্ট ফরম্যাটেও বিদায় নেওয়ার সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন তিনি।
আর তার পর থেকেই ক্রিকেটভক্ত কিংবা গণমাধ্যম সব জুড়েই ছিল সাকিব নিয়ে আলোচনা। এ নিয়ে আলোচনা হয়েছে গতকাল অনুষ্ঠিত হওয়া বিসিবির বোর্ড মিটিংয়েও। প্রায় চার ঘণ্টা ধরে চলেছে বোর্ড মিটিং। সেখানে আসন্ন বিপিএলসহ ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে। তার সঙ্গে ছিল সাকিব আল হাসানও।
পরে সংবাদ সম্মেলনে এসে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি থেকেও বড় সাকিব, সে একটা দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছেন, ঐটা আমাদের পরিচালকরা সবাই জানেন তবে তারপরও আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি। আমার সঙ্গে গতকাল গত পরশু দুই দফায় এ নিয়ে আলোচনা (সাকিবের সঙ্গে) হয়েছে। তো এটা নতুন করে আমার কিছু বলার নেই। আমি সংবাদ সম্মেলনটা দেখেছি, আমার সঙ্গে তার যে কথাগুলো হয়েছে সেগুলোই সে সেইখানে তুলে ধরেছে।'
এ সময় দেশসেরা অলরাউন্ডার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, 'সাকিব তার জীবনের একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না (তার সিদ্ধান্ত জানার পর)। একটা খেলোয়াড় যখন বুঝতে পারেন যে, সে যেই জিনিসটা করেছেন এত বছর সে মনে করেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে এটাই ভালো সময় নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। ২০২৬-এ আমাদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেখানে তার জায়গায় যে আসবে সে যেন প্রস্তুত হতে পারে এটা আমাকে সে জানিয়েছে। টেস্টের বিষয়ে সে খেলতে চেয়েছিল ঢাকা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ) বিদায় নিতে চান এটাকে আমি সম্মান জানিয়েছি। তখন এটা নিয়েও কথা হয়েছে যে তার নামে যে মামলা আছে সে ব্যাপারে কি হবে তখন আমি বলেছিলাম যে এ বিষয়ে আমাদের কিছু করার নেই। তবে ওর মতো আমিও বিশ্বাস করি যে ও যদি ঢাকায় এসে টেস্ট থেকে বিদায় নেয় এটা খুব ভালো হবে। বাকিটা ওর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ওর আসার ক্লিয়ারেন্সটা কে দিবে... আমাদের বোর্ড থেকে আমরা এটা দিতে পারব না। এ অবশ্যই উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে।'
অর্থাৎ দেশে আসা কিংবা দেশে আসার ক্লিয়ারেন্স না পেলে আজ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হতে পারে আন্তর্জাতিক ফরম্যাটে দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
