ঢাকায় আজও বৃষ্টি, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবনে মিলেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর জানায়, আরও এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী তিন দিন বাড়তে পারে তাপমাত্রা।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উঁকি দিয়েছিল সূর্য। তবে একটু পরই কালো মেঘে ঢেকে যায় আকাশ। গর্জন করে নেমে আসে বৃষ্টি। এই অবস্থা চলতে পারে আজ সারাদিন।

সকাল থেকে রাজধানীর শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ মিরপুরের বিভিন্ন জায়গা বৃষ্টির খবর পাওয়া যায়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ইত্তেফাক/কেকে