সামাজিক যোগাযোগমাধ্যমে আস্থা অর্জন ও শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল সারাদেশ থেকে আসা আলেম-ওলামার অংশগ্রহণে চার দিনব্যাপী কর্মশালা। ‘সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন’ ও ‘ইউএনডিপি বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে ‘ফোস্টারিং ইন্টারফেইথ অ্যান্ড পিসমেকিং ডায়ালগ’ শীর্ষক কর্মশালাটি ৬ জুলাই শুরু হয়ে চলে ৯ জুলাই পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিস্থ ‘সানতুর রেস্তোরাঁ’য় অনুষ্ঠিত হয় এই কর্মশালা। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সাধারণ জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, ভুল তথ্য পরিহার করা এবং জাতীয় ও সামাজিক পর্যায়ে শান্তি রক্ষায় আলেম সমাজকে সচেতন করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
এই কর্মশালায় সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, একই সঙ্গে তা রক্ষা করতে আলেম সমাজের করণীয় এবং বর্তমান বাস্তবতা তুলে ধরা হয়। পাশাপাশি উগ্রবাদ, শান্তি, সমতা এবং নারী ও শিশুদের প্রতি নির্যাতন সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়, যাতে আলেমগণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উঠে আসা যেকোনো ভুল কিংবা সংবেদনশীল বিষয়গুলোকে মোকাবিলা করতে পারেন। তারা যেন নিজেদের এলাকায় গিয়ে অন্যায়, কুসংস্কার, নির্যাতন এবং ধর্মীয় অপব্যাখ্যাকারীদের প্রতিহত করে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন। তাদের সারাজীবনের অর্জিত জ্ঞানের মাধ্যমে সমাজের অন্ধকার দূরীকরণ এবং নতুন প্রজন্মকে সচেতন করতে পারেন। সেই সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব ও এর সঠিক ব্যবহার সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
কর্মশালার চার দিনের প্রথম দিন সমাজে নারী ও শিশু অধিকার, তাদের শিক্ষা, বাল্যবিবাহ, নির্যাতন, বলাত্কার ইত্যাদি বিষয়ে সমসাময়িক ঘটনা এবং এর সমাধানে ইসলামের নির্দেশনা ও আলেমদের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। একইভাবে দ্বিতীয় দিন বর্তমানে ফেসবুক ও ইউটিউবের গুরুত্ব, এর মাধ্যমে নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের সমস্যার সমাধান, সমাজে শান্তি রক্ষা ও ইন্টারনেটের অন্যান্য ইতিবাচক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। সব শেষে সমাজে সত্য ও শান্তি প্রতিষ্ঠায়, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষাসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা পর্যালোচনা করা হয়। এসব সমস্যার সমাধানে দেশের আলেম সমাজের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা নিয়েও বিষদ আলোচনা হয়।
কর্মশালার শেষ দিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবার্ট স্টোলম্যান ও প্রোগ্রাম অফিসার ফয়সাল বিন মজিদ, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, কাজী শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়া কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
