ঢাবিতে ফ্যাসিবাদবিরোধী ঘৃণাস্তম্ভ সংরক্ষণ ফলক স্থাপন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের মেট্রোরেলের পিলারে ফ্যাসিবাদবিরোধী ঘৃণাস্তম্ভের সংরক্ষণ ফলক স্থাপন করেছে একদল শিক্ষার্থী। ঘৃণাস্তম্ভ সংরক্ষণের উদ্দেশ্যে ঘোষণাপত্রও পাঠ করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে অবস্থিত মেট্রোরেলের পিলারে ‘ফ্যাসিবাদবিরোধী ঘৃণাস্তম্ভ সংরক্ষণ কমিটি’র পক্ষ থেকে এ ঘৃণাস্তম্ভ সংরক্ষণ ফলক স্থাপন করা হয়।

ঘোষণাপত্র উল্লেখ করা হয়, হাজারো শহীদের আত্মদান, লাখো ছাত্র, শ্রমিক, জনতার দীর্ঘ সংগ্রামের ফলস্বরুপ বাংলাদেশ ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিজয়ী হয়। হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই বিজয় হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে।

এতে আরও বলা হয়, মেট্রোরেলের স্তম্ভে আঁকা শেখ হাসিনার বিশালকার চিত্র ফ্যাসিবাদের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ৩ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের আগেই জনগণ ফ্যাসিবাদের এই দম্ভচিত্রের উপর নিজেদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে, যা পূর্ণতা পায় ৫ আগস্ট। ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের প্রতি ঘৃণার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে এই স্তম্ভ। আগামী দিনের বাংলাদেশে যেকোনো শাসককে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী হয়ে ওঠার পরিণতি স্মরণ করিয়ে দিতে এই স্তম্ভকে যুগ-যুগান্তর ধরে সংরক্ষণ করার গণ-ঘোষণা দেওয়া হলো।

ঘোষণা পত্র পাঠ করা ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা মাঈন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদের মানসকন্যা হাসিনার জন্মদিনে এইটা জনতার পক্ষ থেকে ছোট্ট উপহার। এটা আমরা সংরক্ষণ করব।

ইত্তেফাক/এসকে