চট্টগ্রামে রেলের দুই ভুয়া কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে রবিবার গভীর রাতে এক হোটেলে অভিযান চালিয়ে রেলের দুই ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ভুয়া কর্মকর্তারা রেলে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছিল বলে পুলিশ জানায়। নগরীর সেন্ট মার্টিন হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- রাসেল মিয়া  এবং এস এম মনিরুজ্জামান। রাসেলের বাড়ি রংপুরের বাউনিয়ায় আর মনিরুজ্জামানের বাড়ি গোপালগঞ্জে।

ডবলমুরিং থানা পুলিশ সূত্র জানায়, রেলের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই প্রতারণার সাথে যুক্ত ব্যক্তিরা মূলত ভ্রাম্যমাণ প্রতারক। রেলে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তারা চট্টগ্রামে চলে আসতো। দামি কোনো হোটেলে উঠে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিতো। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১২টি সিল এবং ২০১২ সালের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জনের একটি নামের তালিকা উদ্ধার করা হয়েছে।