গাজীপুরের শ্রীপুরে গ্যাসবাহী গাড়িতে বিস্ফোরণে ৩ নারী দগ্ধ হয়েছেন। দগ্ধ নারীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।
জানা গেছে, রোববার থেকে একটি গ্যাসবাহী গাড়ি রাজাবাড়ি বাজারে রাখা ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা নারীরা দগ্ধ হন।
বাজারের দোকানদার রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস বহনকারী ট্রাকটি পাওয়া যায়নি। আগুন লাগার খবরে আশপাশের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজীব গণমাধ্যমকে বলেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
