লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামের কন্ট্রাকটর বাড়ির আবুল হোসেনের ঘর থেকে বুধবার রাতে র্যাবের একটি দল প্রবাসী সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে (২৪) আটক করেছে। এসময় র্যাব সদস্যরা বসতঘর তল্লাশি চালিয়ে বেশ কিছু বই, স্বর্ণা আক্তারের ব্যবহূত মোবাইল ও মেমোরিকার্ড নিয়ে যায়। আটককৃত আলেয়া বেগম স্বর্ণা এক সন্তানের জননী।
গৃহবধুর শ্বশুর আবুল হোসেন বলেন, বুধবার রাতে র্যাবের চার/পাঁচটি গাড়ি বাড়ির সামনে উপস্থিত হয়ে আমার সৌদি প্রবাসী পুত্র সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে জঙ্গি সন্দেহে আমাদের বসতঘর থেকে আটক করে নিয়ে যায়। এসময় র্যাবের কারা তা আমার জানা নাই, তাদের কয়েক সদস্য আমার পুত্রবধূকে কিছু মোবাইল নম্বরের ব্যাপারে প্রশ্ন করেন। পরে আর আমাদের সামনে কোনো কথা না বলে তাকে নিয়ে যায়। তিনি আরো জানান, পুত্রবধূ স্বর্ণা বসতঘরের বাইরে তেমন একটা যেতো না। সে জঙ্গি বা অন্য কোনো সমাজ কিংবা দেশদ্রোহী কাজে জড়িত থাকার সম্ভাবনা কম।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এস আই মোঃ এমদাদুল হক বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে যতটুকু শুনেছি চট্টগ্রামে এক নারীকে গ্রেফতারের পর তার ফেইসবুকে আলেয়া বেগম স্বর্ণার কানেকশন থাকায় তাকে আটক করে নিয়ে যায়।
