বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে প্রথমবারের মতো ‘বর্তমান তত্ত্ববিশ্ব ও জীবনানন্দ দাশ’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে দিনব্যাপী এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ববির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক, কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ইংরেজি, বিশ্ব সাহিত্য এবং আন্তঃঅনুষদ অধ্যয়ন, জিসিএএস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ড. আজফার হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. ফকরুল আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ এর পরিচালক ড. রেজাউল ইসলাম (শামীম রেজা)। কনফারেন্সে জীবনানন্দ দাশের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন কে আহমেদ আলম প্রমুখ। দিনব্যাপী কনফারেন্সের সমাপনীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসা অতিথিদের ধন্যবাদ জানান কনফারেন্স আয়োজক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন।
যুবকের লাশ উদ্ধার
নগরীর বাজার রোড এলাকার একটি ভবনের চতুর্থতলার ভাড়াটিয়ার বাসা থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিশ্বজিত্ দাস বিশু (২৭)। সে স্থানীয় বাবুল দাসের ছেলে।
সে নগরীর নৌবন্দরের দ্বিতল লঞ্চঘাটের কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) হিসেবে কর্মরত ছিল। তার শ্বশুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।
কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল হক জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
