মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগর উপজেলায় ডাকাতি করার সময় আন্তঃজেলা ডাকাতদলের দুই ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন: কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভেলানগর পশ্চিম পাড়ার মৃত সরাফত আলীর ছেলে সুমন খন্দকার ও একই থানার ভেলানগর গ্রামের মোল্লাবাড়ির মোস্তফা মোল্লা। গত রবিবার রাতে বোড়ারচর এলাকার এআরবি ইট ভাটার সামনের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক থেকে ডাকাতদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বোড়ারচর এলাকায় সড়কের দুইপাশে গাছ ফেলে পাঁচ/ছয়জনের একদল ডাকাত ডাকাতি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশের এসআই নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে আন্তঃজেলার ডাকাতদলের দুই সদস্যকে আটক করে। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনজুর আলম বলেন, ডাকাতির ঘটনায় আটককৃতসহ মোট ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এবং আটককৃতদের সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।