রাবি

শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না ছাত্রলীগ নেতা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২০:১৮

শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনার্স ৪র্থ বর্ষের সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী শুভ্র দেব সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। হলে সিট বাণিজ্য, মাদক ব্যবসা ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হলে আটকে রেখে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে আসার খবরে বিশ্ববিদ্যালয়ের সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে "সন্ত্রাসীদের ঠিকানা ইইই তে হবে না, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা" বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এদিন ইইই বিভাগের অনার্স ৪র্থ বর্ষের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পরীক্ষা দিতে আসতে পারেননি।
 
ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর আলম সিদ্দিকী বলেন, শুভ্র দাদা ফাস্ট ইয়ারে থাকতে আমাকে ছাত্রলীগ করতে বলেছিল। প্রথমদিকে ছাত্রলীগে যুক্ত না হওয়ায় একদিন আমাকেসহ আমাদের ব্যাচের কয়েকজনকে সোহরাওয়ার্দী হলে নিয়ে শিবির ট্যাগ দেয়। বলে তোর জীবন শেষ করে দিবো, তুই শিবির করিস, আর কোনো দিন পড়ালেখা করতে পারবি না। আমি তার কাছে প্রমাণ চাইলে উনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমরা আমাদের ডিপার্টমেন্টে কোনো সন্ত্রাসীকে আর দেখতে চাইনা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শুভ্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল দাবি করে সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাছে দেশের আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান করি।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পরীক্ষায় নিরাপত্তার জন্য আমাকে কিছু জানায়নি। শিক্ষার্থীদের কাছ থেকে আমি এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তা আমি প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবো।

ইত্তেফাক/জেডএইচডি