ঈশ্বরদীতে অপহূত স্কুলছাত্রী সলঙ্গায় উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:০১

ঈশ্বরদীর ভেলুপাড়া গ্রাম হতে নিখোঁজ স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। নিখোঁজের ২৫ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে তাকে উদ্ধার করে র্যাব ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এ সময় আরজিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়।

র্যাব ১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি জামিল আহমেদ জানান, গত ১৫ জুন বিকালে ঐ ছাত্রী কেনাকাটার জন্য বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ হতে প্রথমে ঈশ্বরদী থানা ও পরে র্যাবের সহযোগিতা চাইলে র্যাব তদন্ত শুরু করে। সলঙ্গা থেকে তাকে উদ্ধার করে র্যাবের একটি দল।

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঐ ছাত্রীর বরাত দিয়ে জানান, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আরজিনার সহযোগিতায় সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।