স্কটল্যান্ডকে দিয়েই জয়খরা কাটাতে চায় বাংলাদেশ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৩:২৬

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজ। সেই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিকেল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এর আগে বৈশ্বিক এই টুর্নামেন্টে টানা চার আসরে বাংলাদেশ কেবল হারই দেখেছে। ২০১৪ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা দুটি ম্যাচ জিতেছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ জেতা হয়নি। আজ স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে সেই জয়খরা কাটাতে চান টাইগ্রেসরা। 

২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-স্কটল্যান্ড। এর মধ্যে প্রতিটিতেই বাংলাদেশ জয় পেয়েছে। আবার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েও কিছুটা চনমনে রয়েছে বাংলাদেশ। সেটিকেও কাজে লাগিয়ে প্রথম ম্যাচে ভালো কিছু করতে চান ক্রিকেটাররা। গতকাল দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সে সময়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, 'স্কটল্যান্ডের বিপক্ষে যতবার আমরা খেলেছি, ততবার আমরা জিতেছি। এটা আমাদের একটা ভালো দিক। কিন্তু তবু বলব কোনো দলকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। প্রতিটি দলই এখানে সমান সক্ষমতা নিয়ে এসেছে। সবার মধ্যেই ম্যাচ জয়ের ক্ষুধা রয়েছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরেই আগাব। তাদের বিপক্ষে যেভাবে পরিকল্পনা করলে প্রতিহত করতে পারব, সেগুলো নিয়েই ভাবব।' 

জ্যোতি বলেছেন, 'আমি বলবো যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়। এটা খুবই হতাশাজনক। কিন্তু আমি বিশ্বাস করি, এই দুঃখ এবার ঘোচাতে পারব। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই স্কটল্যান্ডের ম্যাচ দিয়েই।' 

নিজেদের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'আমি বলব যে, আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো সেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা, প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে। ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাকআপ দিয়েছে। সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।' 

এ দিকে আজকের ম্যাচটি হবে নিগার সুলতানা জ্যোতির শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই বিষয়ে তিনি বলেছেন, 'অন্যরকম অনুভূতি একশতম ম্যাচ খেলার। অনেক বেশি খুশি। অনেক সময় আসলে অবাকও লাগে। মনে হচ্ছিল, এই হয়তো ক্যারিয়ার শুরু করেছি। দেখতে দেখতে প্রায় একশটা ম্যাচ হয়ে যাচ্ছে। ওদিক থেকে আমি অনেক আনন্দিত। সব থেকে খুশি হবো যদি এই শততম ম্যাচে বাংলাদেশের জয়ে কোনো অবদান রাখতে পারি, সেটা হবে সবচেয়ে বেশি স্মরণীয়।' 

কোচ হাসান তিলকারত্নেও জ্যোতির শততম ম্যাচ নিয়ে কথা বলেছেন, 'এটা বড় উপলক্ষ জ্যোতি ও দলের জন্য। সবাই জ্যোতির একশতম ম্যাচের দিকে তাকিয়ে আছে। এটা আমাদের সবার জন্য বড় উপলক্ষ। যদি ইতিবাচক ফল পাই, ২০ কোটি মানুষের জন্যও সেটিই হবে।'

বাংলাদেশের কোচ হাসান তিলকারত্নে বিশ্বকাপ যাত্রা নিয়ে বলেছেন, 'আমরা এই টুর্নামেন্টে ২০ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি। সবাই এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছে। যদি আপনি দুটি প্রস্তুতি ম্যাচের দিকে তাকান। প্রথমটা প্রত্যাশা মতো হয়নি, দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে মেয়েরা খুব ভালো খেলেছে। টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ইতিবাচক। আমরা খুবই আত্মবিশ্বাসী ভালো করার জন্য।' 

তিনি আরও বলেছেন, 'মোমেন্টামের শুরুটা প্রথম ম্যাচ থেকেই হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেরা খেলাটা খেলবো ও ইতিবাচক ফল আনবো। আমি নিশ্চিত মেয়েরা আত্মবিশ্বাসী ও উজ্জীবিত টুর্নামেন্টে খেলার জন্য। দলের সকলেই ভালো অবস্থানে রয়েছেন। সেরা একাদশই আমরা বেছে নেব।' 

আজ বাংলাদেশের ম্যাচ ছাড়াও পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে। রাত ৮টায় এই ম্যাচটি গড়াবে শারজাতেই। এবারের বিশ্বকাপে দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। আজকের পরে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ইত্তেফাক/জেডএইচ