২০২০ সালের মধ্যে প্রান্তিক পর্যায়ে ২৪ হাজার উদ্যোক্তা তৈরি করা হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, বিডার সচিব মো. মোশারফ হোসেন এবং বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। সম্মানিত অতিথি ছিলেন এসডিজির মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। প্রশিক্ষদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সালমান ফজলুর রহমান বলেন, স্বাধীনতা আমাদের সবচেয়ে বড়ো অর্জন, অহংকার ও প্রত্যাশার জায়গা; স্বাধীনতার এই সুযোগ ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে অনেক দূর। মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, দেশের ৬৪ জেলায় অসংখ্য উদ্যোক্তা তৈরি হবে। উন্নত বাংলাদেশে বিনির্মাণের পথে তৈরি করতে হবে নতুন নতুন উদ্যোক্তা, ভিন্নতর চিন্তাধারায় নিজেদেরকে তুলে ধরতে হবে।
