বাংলাদেশের বিশ্বকাপ অভিযানকে ব্যর্থ বলতে রাজী নন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি তিনি দলের কোচ স্টিভ রোডসের বিদায়ে অবাক হয়েছেন। বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে বলছিলেন, ‘তোমরা ভালো করেছ তো। আমি কেন, এখানে সবাই প্রশংসা করছে। এভাবে কোচ বাদ দেওয়া মোটেও ভালো সংস্কৃতি নয়।’
সৌরভের এই কথা অবশ্য সত্যি, প্রশংসা এবার বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্টই পেয়েছে। কিন্তু শুকনো প্রশংসায় তৃপ্ত হওয়ার দিন তো বাংলাদেশের ক্রিকেট বেশ আগেই পেরিয়ে এসেছে! দিনশেষে ফলাফলটা বড় ব্যাপার, বাংলাদেশ পয়েন্ট টেবিলে অষ্টম, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি, এসব বিস্তারিত বলার পর একটু গম্ভীর হয়ে কিছু ভাবলেন। খানিক পর জানালেন, কোন জায়গাটায় বাংলাদেশের উন্নতি সবচেয়ে জরুরি, ‘বড় টুর্নামেন্টে চাপের মুহূর্তগুলো জিততে শিখতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ মোড়গুলোয় নার্ভ ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যারা জিততে পারে, ম্যাচও তারা জেতে। বাংলাদেশ এবার বেশ কয়েকটি ম্যাচে ওই সময়গুলো নিজেদের পক্ষে আনতে পারেনি। মানসিকভাবে শক্ত হতে হবে। আজকে দেখেছো, জাদেজা ও ধোনির জুটির সময়ও নিউজিল্যান্ড একটুও হাল ছাড়েনি। সবসময় বিশ্বাস করেছে তারা জিতবে। চেষ্টা করে গেছে এবং ফল পেয়েছে। এই মানসিকতা না থাকলে নিয়মিত জেতা সম্ভব নয়।’-বিডি নিউজ
