শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:১৮

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা যাওয়ার আগে দেশের মাটিতে কোনো ক্যাম্প বা অনুশীলন হবে না টাইগারদের। বিশ্বকাপ থেকে দেশে ফিরে বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে কেউ কেউ অনুশীলন শুরু করতে পারেন ২-১ দিনের মধ্যে। কলম্বো পৌঁছেই এই সিরিজের জন্য অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে মূল সিরিজে খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক লঙ্কানরা আগামী ২৩ জুলাই সফরকারীদের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই তথ্য নিশ্চিত করেছেন। প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৮, ৩১ জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির এবং সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

এদিকে লন্ডন থেকে দেশে ফিরেছেন লিটন দাস। গতকাল মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবিতে ছুটির আবেদন করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানের জন্য ৫ আগস্ট পর্যন্ত ছুটি চেয়েছেন ডানহাতি এই ওপেনার। তাই নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না লিটন দাসের।