আমরা সাকিব ভাইয়ের শূন্যতা পূরণ করবো: হৃদয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৭

গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। দীর্ঘদিন বল ও ব্যাট হাতে দলকে সার্ভিস দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার অনুপস্থিতি একাদশ সাজাতে বেশ বেগ পেতে হয়। তবে সাকিবের শূন্যতা পূরণের আহ্বান জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

শনিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে সাকিবের শূন্যতা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো।’

তিনি আরও বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’ 

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।

ইত্তেফাক/জেডএইচ