‘আমাদের লক্ষ্য ভালো খেলা ও সিরিজ জয়’ 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৩০

টেস্টের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু'দল। টি-টোয়েন্টিতে ১৪ বারের দেখায় মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এবার সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তরুণ টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়।

শনিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’

গোয়ালিয়রের পিচ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’ 

হৃদয় বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’ 

ইত্তেফাক/জেডএইচ